বিএনপিরাজনীতি

ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে মর্মান্তিক ঘটনা

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা বিএনপির বিভিন্ন পক্ষ পৃথক তিনটি স্থানে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে। এর মধ্যে একটি র‌্যালিতে অংশ নেওয়ার সময় স্ট্রোক করে মো. সেলিম নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা শহরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিহত মো. সেলিম ফরিদগঞ্জ উপজেলার ১৪ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ।

সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে বিআরডিবি মাঠে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। এতে আবদুল খারেক পাটওয়ারী, মো. মহসীন মোল্লা, মাহফুজুর রহমান টিপু ও নাছির উদ্দিন পাটওয়ারীসহ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। ওই র‌্যালিতে অংশ নেওয়ার সময় মো. সেলিম স্ট্রোক করেন। পরে তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির আরেকটি অংশ ও বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্যের সমর্থিত একটি গ্রুপ পৃথক কর্মসূচি পালন করে। সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনূস, মোতাহার হোসেন পাটওয়ারী, চিকিৎসক আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান দুলাল ও সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেনসহ নেতাকর্মীরা এতে অংশ নেন।এ ছাড়া বিএনপি নেতা ও যুবদলের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেনের নেতৃত্বে বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাবেক কাউন্সিলর মো. আমিন মিজি, কাঠ নাছিরসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদগঞ্জ পৌর শহরে উত্তেজনার আশঙ্কায় কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পরে পৃথকভাবে আয়োজিত র‌্যালিগুলো পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button