
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর মোর্শেদ রাজু পুলিশের গ্রেপ্তার এড়াতে নিজ বাসার ব্যালকনি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে গুরুতর আহত হন।
পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি দল বাঘমারা এলাকায় রাজুর বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দোতলার ব্যালকনি দিয়ে নিচে লাফিয়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় পাশের একটি বাউন্ডারি দেয়ালে ধাক্কা লেগে তিনি মাথা ও শরীরে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। এরপর তাকে চরপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মারা যান।
জানা গেছে, হাদির মৃত্যুর পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের গা ঢাকা দেয়া নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছিল কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে রাজুর বাসায় ওই অভিযান চালানো হয়।





