গাজীপুরের টঙ্গীতে উচ্ছেদের পর ফের হকারদের দখলে ফুটপাত

গাজীপুরের টঙ্গীতে সিটি কর্পোরেশনের সাম্প্রতিক উচ্ছেদ অভিযানের পরও আবারও ফুটপাত দখল করে বসেছে হকাররা। এতে করে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
গত (৯ এপ্রিল) বৃহস্পতিবার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত অভিযানে সড়কের পাশের সকল অবৈধ হকার উচ্ছেদ করা হয়।
সেই সাথে নির্দেশনা দেওয়া হয় পুনরায় ফুটপাত দখল করলে দখলকারীর বিরুদ্ধে আআইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে সেই অভিযানের কিছুদিন না যেতেই আবারও পুরোনো চিত্রে ফিরেছে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত।
আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার বিকালে কলেজগেট সফিউদ্দিন সরকার একাডেমির সামনের ফুটপাতে গিয়ে দেখা যায়, আইনি নির্দেশনা উপেক্ষা করে হকাররা পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন। ফুটপাতজুড়ে দোকান বসিয়ে রাখা হয়েছে, ফলে পথচারীদের বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করতে হচ্ছে।
এ বিষয়ে হকারদের সঙ্গে কথা বললে তারা জানান, জীবিকার তাগিদেই তারা আবার ফুটপাতে বসেছেন। বিকল্প কোনো জায়গা না থাকায় তারা এ পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। অনেকেই দাবি করেন, উচ্ছেদের সময় তাদের মালামাল নষ্ট হয়েছে, ফলে নতুন করে ব্যবসা শুরু করাই তাদের জন্য একমাত্র উপায়।
অন্যদিকে, পথচারীরা অভিযোগ করে বলেন, ফুটপাত দখল হয়ে যাওয়ায় তাদের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি যারা আইন অমান্য করে ফুটপাত দখল করছেন, তাদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত থাকবে বলেও তিনি জানান।







