অন্তর্জালে প্রকাশ পেল শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’-এর অ্যানিমেটেড টিজার।
শনিবার (২ মে) নিজের ফেসবুকে টিজারটি শেয়ার করেন শাকিব খান। প্রকাশের পর থেকেই এটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ৫৩ সেকেন্ডের এই টিজারে শুরুতেই দেখা যায় এক প্রতীকী দৃশ্য নীল আকাশে উড়ে বেড়ানো একটি সাদা পাখি, যা স্বাধীনতার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।
পরবর্তীতে বজ্রাঘাতে আহত হয়ে পাখিটি মাটিতে পড়ে যায়, যার মাধ্যমে গল্প ফিরে যায় অতীতে। টিজারে আরও দেখা যায় এক শিশুর স্বপ্ন যে বড় হয়ে একজন সংগীত তারকা হতে চায়। এরপর শাকিব খানকে দেখা যায় গিটার হাতে, হাজারো দর্শকের সামনে একজন রকস্টার হিসেবে। শেষ দৃশ্যে গাড়ির ওপর শুয়ে গিটার বাজাতে দেখা যায় তাকে, যা তার চরিত্রের বোহেমিয়ান ও দাপুটে রূপ তুলে ধরে।
পরিচালক আজমান রুশো জানান, এটি কেবল শুরু মাত্র, সামনে আরও বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। বর্তমানে টঙ্গীতে চলছে সিনেমাটির শেষ ধাপের শুটিং, যা কয়েক দিনের মধ্যেই শেষ হবে।
ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূরসহ অনেকে। সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে।
