মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী ইভটিজিংয়ের জেরে কুপিয়ে জখম, দুই মোটরসাইকেলে আগুন

মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের সামনে ইভটিজিংয়ের প্রতিবাদকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার রামশিং এলাকা থেকে কয়েকজন যুবক প্রতিদিনের মতো বজ্রযোগনী জয় কালী উচ্চ বিদ্যালয়ের সামনে এসে ছাত্রীদের উত্যক্ত করছিল। এ সময় স্থানীয় যুবক ফাহিম শেখ প্রতিবাদ করলে তাদের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করতে অভিযুক্তদের সেখান থেকে সরিয়ে দেয়।

তবে বেলা ৩টার দিকে একই যুবকরা পুনরায় এলাকায় এসে আবারও উত্তেজনা সৃষ্টি করে। এ সময়ও স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা সেখান থেকে চলে যায়।

এরপর বিকেল আনুমানিক ৪টার দিকে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। অভিযুক্তরা অতিরিক্ত লোকজন নিয়ে চারটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে ফিরে এসে ফাহিম শেখের ওপর হামলা চালায়। হামলার সময় সুইচ গিয়ার দিয়ে কানের নিচে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত ফাহিমকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারীদের দুইটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় অন্যরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় রামশিং এলাকার মুন্না ভূঁইয়া, আপন ভূঁইয়া, বাইজিদ ও আলিফসহ শহরের ইসলামপুর এলাকার অলভী মুনতাসিম অভি জড়িত।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, উত্যক্তের প্রতিবাদ থেকে পরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ হয়। একপর্যায়ে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে পড়ে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পুড়ে যাওয়া মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়েছে। থানায় অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button