যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হাতুড়িপেটা, হাসপাতালে ভর্তি

যশোরের চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালিতে পারিবারিক কলহের জেরে রাজিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।আজ শনিবার (৯ মে) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে সাজিয়ালি মোল্লাপাড়া এলাকায় মেয়ে তার বাবার বাড়িতে এই ঘটনা ঘটে।
আহত রাজিয়া খাতুন ওই এলাকার নিশ্চিন্তপুর গ্রামের মুন্না হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে রাজিয়া খাতুন ও তার স্বামী মুন্না হোসেনের (২৭) মধ্যে পারিবারিক কলহ চলছিল। বিবাদের জেরে রাজিয়া সাজিয়ালি মোল্লাপাড়ায় তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। আজ শনিবার রাতে মুন্না হোসেন সেখানে গিয়ে অতর্কিতভাবে রাজিয়ার ওপর হামলা চালায়। একপর্যায়ে কাছে থাকা হাতুড়ি দিয়ে তিনি স্ত্রীর মাথায় আঘাত করেন।
রাজিয়ার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এলে মুন্না পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজিয়ার মাথায় গুরুতর আঘাত থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং বর্তমানে তিনি পর্যবেক্ষণে আছেন।
এ বিষয়ে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানোর প্রস্তুতি চলছে।







