যশোরের পূর্ব বারান্দি পাড়ায় যুবককে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

যশোর শহরের লিচুতলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর গ্রামের বাসিন্দা মিরাজ হোসেন (১৯), পিতা মুনসুর আলী। বুধবার (১৩ মে ২০২৬) বিকাল আনুমানিক ২টা ৪৫ মিনিটে মোটরসাইকেল বিক্রয়ের টাকা চাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয়, লিচুতলা ব্রিজ পার হয়ে পিন্টুর মোড় এলাকায় একা পেয়ে হৃদয় (২৪) পিতা সমির, সাজিদ (২২) পিতা অজ্ঞাত, উভয় সাং শেখহাটি, ইউনিয়ন নোয়াপাড়া এবং বর্ষন (২১) পিতা শরিফুল ইসলাম টগর, সাং ঝুমঝুমপুর চান্দের মোড়, ইউনিয়ন ফতেপুরসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন ব্যক্তি মিলে মিরাজ হোসেনের উপর হামলা চালায়।
এ সময় হামলাকারীরা তাকে ধারালো চাকু দিয়ে বুকের বাম পাশে ও বাম উরুর পিছনের অংশে আঘাত করে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকজন আহত অবস্থায় মিরাজ হোসেনকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।







