৪০ দিনে ইরানকে দুর্বল করল যুক্তরাষ্ট্র, সেন্টকমের মতে

চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের আরোপিত ‘অপারেশন এপিক ফিউরি’ ইরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করেছে। এর মাধ্যমেই মাত্র ৪০ দিনের মধ্যেই মূল লক্ষ্যগুলো অর্জন করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকম দাবি করছে, এর ফলে দেশটির ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌ শক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতাও সীমিত হয়ে পড়েছে। সেন্টকম প্রধান ব্র্যাড কুপার যুক্তরাষ্ট্রের সিনেট আর্মড সার্ভিসেস কমিটিকে জানান, অভিযানের মূল লক্ষ্যগুলো ৪০ দিনের মধ্যেই অর্জন করা হয়েছে।
একই সঙ্গে ইরানের প্রতিরক্ষা শিল্প অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে স্বল্পমেয়াদে সামরিক সক্ষমতা পুনর্গঠন কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন তিনি।
গালফ নিউজের এক প্রতিবেদনে সেন্টকম আরও দাবি করেছে, এই অভিযানের মাধ্যমে ইরানের আঞ্চলিক মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলোর সরবরাহ নেটওয়ার্কেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর প্রভাব হামাস, হিজবুল্লাহ এবং হুথিদের সঙ্গে ইরানের যোগাযোগ ও সহায়তা ব্যবস্থার ওপর পড়েছে বলে দাবি করছে সংস্থাটি।





