বিশ্বকাপ ফাইনাল হাফটাইমে শাকিরা, ম্যাডোনা ও বিটিএস মঞ্চে

ফিফা বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শোতে যৌথভাবে পারফর্ম করবে পপ আইকন ম্যাডোনা, কলম্বিয়ান তারকা শাকিরা এবং কে-পপ সুপারগ্রুপ বিটিএস। স্যোশাল প্লাটফর্ম ইনস্টাগ্রামে এক পোস্টে এমনটি জানিয়েছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ১৯শে জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, মাঠের দর্শকদের পাশাপাশি শোটি বিশ্বজুড়ে লাখ লাখ দর্শককে বিনোদিত করবে। চলতি বছরের ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপ মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডায় অনুষ্ঠিত হবে।
ফিফা আরো জানিয়েছে, কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে ফাইনাল হাফটাইমটি অলাভজনক সংস্থা গ্লোবাল সিটিজেন প্রযোজনা করবে। শো থেকে অর্জিত অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা হবে।
বিশ্বজুড়ে শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ও ফুটবলের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা উদ্যোগ হিসেবে এটি চালু করেছে ফিফা।





