যশোর

যশোরের আ. লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ আটক

মোঃ জুম্মান হোসেনঃ

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার পর যশোর শহরের একটি গোপন স্থান থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার বিভিন্ন অভিযোগে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ও‌সি মাসুম খান জানান, বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে। বিস্তারিত তথ্য জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন বা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিংবা আটকের সময় তিনি সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান করছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল ও নানা কর্মসূচি পালনের অভিযোগ রয়েছে। এসব কর্মসূচিতে যুবলীগের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ও উসকানিদাতাদের আইনের আওতায় আনতেই এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

এদিকে যুবলীগ সভাপতি মোস্তফা ফরিদের আটকের খবর ছড়িয়ে পড়ার পর যশোরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button