ঈদগাঁওয়ের একমাত্র কলেজটি জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ‘ঈদগাহ রশিদ আহমদ ডিগ্রি কলেজ’ জাতীয়করণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। কলেজটি সরকারি করার দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় কলেজের সহস্রাধিক শিক্ষার্থী জাতীয়করণের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশনে গিয়ে শেষ হয় এবং সেখানে এক বিশাল মানববন্ধনে রূপ নেয়। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন স্থানীয় শিক্ষানুরাগী, সচেতন নাগরিক, অভিভাবক এবং কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
কলেজ শিক্ষার্থী মুহাম্মদ আবদুল্লাহর পরিচালনায় মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন: বিগত ৪০ বছর আগে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী কলেজটি উপজেলার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সরকারি করার জন্য প্রয়োজনীয় সব ধরনের অবকাঠামো এখানে রয়েছে। কক্সবাজার সদর উপজেলা থেকে পৃথক হয়ে ঈদগাঁও উপজেলা বাস্তবায়নের পাঁচ বছর অতিবাহিত হতে চললেও, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার আলো জ্বালানো এই প্রতিষ্ঠানটিকে জাতীয়করণের দিকে নজর দেয়নি; বরং তারা কলেজের নাম পরিবর্তনে বেশি ব্যস্ত ছিল। দেশের প্রতিটি উপজেলায় অন্তত একটি করে কলেজ সরকারি করার সুস্পষ্ট বিধান ও নীতি রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত ঈদগাঁওয়ের এই একমাত্র কলেজটিকে এখনো জাতীয়করণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
”কলেজটি সরকারি না হওয়ায় এলাকার দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের বিপুল অর্থ ব্যয় করে দূর-দূরান্তে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে হচ্ছে। এর ফলে উপজেলার শিক্ষার্থীরা মানসম্মত ও গুণগত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।”
শিক্ষার্থীরা অবিলম্বে ঈদগাঁও উপজেলার একমাত্র কলেজটিকে জাতীয়করণ করার জন্য স্থানীয় সংসদ সদস্য, কক্সবাজারের কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এই দাবি মেনে নিয়ে কার্যকর উদ্যোগ না নেওয়া হয়, তবে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।







