লঞ্চ বন্ধ, তবু গরু নিয়ে নদী পাড়ি

রাজধানীর সদরঘাটে ঝড়বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও চরম ঝুঁকি নিয়ে ট্রলারে করে কোরবানির গরু পারাপারের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বুড়িগঙ্গা নদীতে এই দৃশ্য দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র ঝড়বৃষ্টি ও উত্তাল নদীর মধ্যেই একটি ট্রলারে গরু নিয়ে পারাপার করা হচ্ছিল। অথচ একই সময়ে নিরাপত্তার স্বার্থে সদরঘাটে সব ধরনের লঞ্চ চলাচল প্রায় এক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল।
সংশ্লিষ্টদের মতে, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার বিভিন্ন পশুর হাটে গরু আনা-নেওয়ার তৎপরতার অংশ হিসেবেই এই ঝুঁকিপূর্ণ পারাপার করা হয়। তবে বৈরী আবহাওয়ায় এমন উদ্যোগ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
নদীপথে নিরাপত্তা বিধি উপেক্ষা করে এ ধরনের পারাপার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সচেতন মহল বলছে, দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন।





