
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের জামতলা এলাকায় প্রায় ৩০ ফুট উঁচু একটি খেজুর গাছে উঠে আটকে পড়ে একটি বিড়াল। নিচে নামার কোনো উপায় না পেয়ে টানা প্রায় চার ঘণ্টা ধরে গাছের ডালে আটকে থেকে করুণ স্বরে ডাকাডাকি করতে থাকে প্রাণিটি।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বিড়ালটিকে উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে বিড়ালটিকে নামানোর একাধিক চেষ্টা করেন। তবে উচ্চতা বেশি হওয়ায় এবং ঝুঁকির কারণে সব প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে স্থানীয় সাংবাদিক এসএম ফরহাদ বিষয়টি দ্রুত ফায়ার সার্ভিসকে জানান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে যশোর ফায়ার সার্ভিসের একটি দল। দক্ষতা ও সতর্কতার সঙ্গে দীর্ঘ চেষ্টার পর অবশেষে তারা বিড়ালটিকে অক্ষত অবস্থায় গাছ থেকে উদ্ধার করতে সক্ষম হন। যশোর ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল ইসলাম বলেন, ‘বিড়ালটা মুখ্য বিষয় নয়, প্রতিটি প্রাণী উদ্ধারই আমাদের দায়িত্ব।’





