রাজনীতি

মন্ত্রীর বেতনে সংসার চালানো কষ্টকর তাই এখনো রোগী দেখি: ডা. জাহিদ

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, মন্ত্রিত্ব কোনো ‘সোনার হরিণ’ নয়; বরং এটি অত্যন্ত কঠিন দায়িত্বের বিষয়। মন্ত্রী হওয়ার পর তার ব্যক্তিগত আর্থিক চাপও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২৭ মে) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাকিমপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দুস্থ ও অসহায় প্রতিবন্ধী ১০ শিক্ষার্থীর মাঝে অনুদানের চেক এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, “যারা মনে করেন মন্ত্রিত্ব খুব লোভনীয় বিষয়, তাদের বলব— এটি হয়তো ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগের কোনো সময়ের ধারণা হতে পারে। কিন্তু বর্তমান বাস্তবতায় মন্ত্রিত্ব খুবই কঠিন দায়িত্ব।”

‌মন্ত্রী হওয়ার আগে অর্থিকভাবে বেশি স্বাবলম্বী ছিলাম। এখন বেতনের টাকায় সংসার চালানো কষ্টকর। তাই এখনও রোগী দেখি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ও প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের দায়িত্বপ্রাপ্ত।

তার ভাষায়, “স্বৈরাচারের আমল আর গণতান্ত্রিক সরকার এক নয়। বর্তমান সরকারের ১০২ দিনের কর্মকাণ্ড নিয়ে যারা কটাক্ষ করেন, তাদের বুঝতে হবে- গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ও প্রশাসন জনগণের কাছে জবাবদিহি করে।”

‘কাজেই যারা এই কথা বলেন, তাদের কাছে প্রশ্ন ২৪-এর আগস্ট মাসের পরে, বা ৩৬শে জুলাইয়ের পরে অনেকের চেহারার মধ্যে পরিবর্তন এসেছে। অনেক দামী কাপড়-চোপড় পরেন। ওনাদেরও বিষয়ে আমাদের জানার আগ্রহ আছে। আমাদের তো ইনকাম ট্যাক্সের ফাইল আছে। আপনাদের ট্যাক্সের ফাইলটা কতদিন আগে খুলেছেন? ট্যাক্স ফাইলের কী অবস্থা? আয়নায় দয়া করে চেহারাগুলো দেখাবেন, জনসমক্ষে উপস্থাপন করবেন।‘

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারিছ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button