নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের কালো পতাকা মিছিল, সোলাইমানের নেতৃত্বে ঝটিকা মিছিল

নেত্রকোনার পূর্বধলায় কালো পতাকা হাতে নিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুক্রবার (২১ আগস্ট) সকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের হিরনপুর বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়।
ভিডিওতে দেখা যায়, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নেন। তাদের কারও হাতে ছিল কালো পতাকা, আবার কেউ ব্যানার বহন করছিলেন।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের বিষয়টি তারা শুনেছেন। ভিডিও পর্যালোচনা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
স্থানীয় অন্তত চারজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবার সকাল পৌনে আটটার কিছুক্ষণ পর হঠাৎ করে বেশ কিছু যুবক একত্র হন। পরে তারা কালো পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। প্রায় পাঁচ মিনিট মিছিল করার পর তাঁরা মোটরসাইকেল, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করেন।





