ডেঙ্গু আক্রান্ত পুণম ধিলন, হাসপাতালে ভর্তি বলিউডের প্রবীণ অভিনেত্রী

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী পুণম ধিলন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৪ বছর বয়সী এই অভিনেত্রী কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিক বিকি লালওয়ানি ২২ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে পুণম ধিলনের হাসপাতালে ভর্তির খবর জানান।
ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, পুণম ধিলন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর বেশ কয়েক দিন ধরে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।
সাংবাদিক আরও জানান, ২২ আগস্ট সকালে তিনি পুণমের সঙ্গে যোগাযোগ করে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। জবাবে অভিনেত্রী জানান, তিনি এখন সুস্থ হয়ে উঠছেন। এরপর তার দ্রুত আরোগ্য কামনা করেন বিকি লালওয়ানি এবং আশা প্রকাশ করেন, শিগগিরই পুণম বাড়ি ফিরতে পারবেন।
হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক দিন আগেই সংগঠনগত বিতর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। তিনি বর্তমানে সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচিত আট সদস্য পদত্যাগ করে নতুন নির্বাচনের দাবি জানান। পদত্যাগপত্রে তারা অভিযোগ করেন, পুণম ধিলন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদ্মিনী কোলহাপুরে এবং কার্যনির্বাহী কমিটির আরও কয়েকজন সদস্য সংগঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ক্রমেই অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন।
সেই বিতর্কের মধ্যেই এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ এই অভিনেত্রী।





