ক্রিকেটখেলা

ইমরান খানের পাশে কপিল দেব, পাকিস্তানি ক্রিকেটারদের নীরবতা নিয়ে যা বললেন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে ইমরান খানের চিকিৎসা ও ‘মানবিক’ আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে ২১ জন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার চিঠি দেয়ার একদিন পরই নিজের অবস্থান আরও স্পষ্ট করলেন ভারতের কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব। ইমরান খানকে নিজের ‘বন্ধু’ উল্লেখ করে তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক। প্রতিবেদন হিন্দুস্তান টাইমসের।

কপিল দেব ও ইমরান খান ছিলেন আশির দশক ও নব্বইয়ের দশকের চার কিংবদন্তি অলরাউন্ডারের অন্যতম। তাদের সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি ও ইংল্যান্ডের ইয়ান বোথাম। ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি হওয়ার আগে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে মাঠের বাইরেও ছিল বন্ধুত্ব, আড্ডা ও রসিকতার সম্পর্ক। কপিল ও ইমরানের বন্ধুত্ব ছিল সেই সময়ের অন্যতম আলোচিত উদাহরণ। খেলা থেকে অবসর নেয়ার কয়েক দশক পরও সেই সম্পর্ক অটুট রয়েছে।

ইমরান খানের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাঙ্গনের বড় অংশের নীরবতাও নজর কেড়েছে। ওয়াসিম আকরামসহ ইমরানের সময়ের কয়েকজন ক্রিকেটার কথা বললেও অধিকাংশই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে তাদের নীরবতার জন্য কাউকে দোষারোপ করতে রাজি নন কপিল।

ভারতের সাবেক অধিনায়কের ভাষ্য, ‘পাকিস্তানি ক্রিকেটাররা কথা না বলায় আমি তাদের দোষ দিই না। তাদের সেখানেই থাকতে হয়। তবে আমি আমার বন্ধুর পাশে থাকতে চাই, যাকে আমরা শ্রদ্ধা করতাম এবং যার সঙ্গে খেলেছি।’

ইমরান খানের বিষয়ে গত ছয় মাসে সাবেক ক্রিকেটারদের পক্ষ থেকে এটি দ্বিতীয়বারের মতো সম্মিলিত আবেদন। এর আগে ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক ইমরানের শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। সে সময় তার পরিবার অভিযোগ করেছিল, চিকিৎসায় অবহেলার কারণে ইমরানের এক চোখের প্রায় পুরো দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। চিকিৎসার পাশাপাশি পরিবারকে তার সঙ্গে দেখা করার সুযোগ দেয়ারও আহ্বান জানিয়েছিলেন সাবেক অধিনায়করা।

কপিল বলেন, ‘আমরা দেশের আইন জানি না, সেটা ঠিক আছে। কিন্তু একজন বন্দিকে মানবিকতা ও মৌলিক সুযোগ-সুবিধা দেয়া উচিত, সে যে-ই হোক না কেন। আর তিনি তো দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার।’

তিনি আরও বলেন, ‘আমরা শুধু চাই, তিনি যেন সর্বোত্তম চিকিৎসা পান। আমরা এটুকুই চাইছি। আমরা আর কিছু চাইছি না, কোনো জবাবও চাইছি না—শুধু অনুরোধ করছি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button