অপরাধধর্ষণ

কিশোরীকে চেতনানাশক দিয়ে পানের বরজে নিয়ে ধর্ষণ: রায়হানের বিরুদ্ধে অভিযোগ

শরীয়তপুরের গোসাইরহাটে চেতনানাশক দিয়ে অচেতন করে ১৪ বছরের এক গৃহকর্মী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৪ আগস্ট) রাতে গোসাইরহাটের ওই এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরীটি উপজেলার ওই এলাকার একটি বাসায় দীর্ঘদিন ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিল। কাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে একই গ্রামের বাসিন্দা রায়হান তালুকদার (৪২) তাকে চেতনানাশক ওষুধ মেশানো টিস্যু পেপার দিয়ে মুখ চেপে ধরেন বলে অভিযোগ। 

এতে কিশোরী অচেতন হয়ে পড়লে তাকে পাশের পানের বরজের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। ধর্ষণের পর কিশোরী অচেতন হয়ে পড়লে অভিযুক্ত রায়হান তাকে পাশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ফেলে পালিয়ে যান।

পরে স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে রাতে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে রাতেই গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে গোসাইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর আলী জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button