
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা এনসিপির যুগ্ম সিনিয়র আহ্বায়ক এহসান জাকারিয়াসহ পাঁচ জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আটটার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজারস্থ কুলাউড়া-বড়লেখা-চান্দগ্রাম সড়কে এনসিপির এহসান জাকারিয়া ও তামিম আহমদ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে সংঘর্ষে উস্কানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকেই মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি, সোহাগ মিয়াকে আটক করে। এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন বলে জানা গেছে। আহতরা কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার রাতে কুলাউড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন জেলা এনসিপি’র সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ। মামলার আসামি করা হয়—জেলা এনসিপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এহসান জাকারিয়া (৩২), এনসিপি নেতা তোফায়েল আহমেদ (২৭), সাহেল আহমেদ (২২), ফাহিম আহমদ জনি (২৮), সোহাগ মিয়া (২২), জুনেদ আহমেদ (২৪), তারেক জামিল (২৬), রুহুল আমিন (৩৬), আরিফুল ইসলাম (২৫), ইফতি (২১)-সহ অজ্ঞাতনামা আরো ১০-১৫ জন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে জেলা এনসিপি নেতা এহসান জাকারিয়া গংদের সঙ্গে তামিম আহমদ গংয়ের বিরোধ চলছে। ওই বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মামলার বাদী মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ বলেন, ‘এহসান জাকারিয়া জেলা কমিটিতে আমাদের নাম অর্ন্তভুক্তির জন্য পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠেন। একপর্যায়ে তাদের বিভিন্ন চাঁদাবাজির অপকর্মের বিষয় ফেসবুকে পোস্ট করলে এহসান জাকারিয়া ও তারেক জামিল আমাকে হত্যার হুমকি দেন।’
তিনি আরো বলেন, ‘ঘটনার দিন ২৭ আগস্ট রাতে মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় আমাদের ওপর এহসান জাকারিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়। পরে স্থানীয় জনতা তাদের ধরে গণপিঠুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এই ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা করেছি।’
কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘এনসিপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আটক পাঁচ জনকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলমান আছে।’





