ডবলমুরিংয়ে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নগরের ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ শাহীনূর আলমের নেতৃত্বে এসআই সোহাগ রানা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা মো. সৌরভ চৌধুরী (৩২) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মো. মেহেরাবুল আলম চৌধুরী প্রকাশ অর্নব (২১)।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৬-৮৩০৬ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮ ধারায় মামলা করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।







