বিনোদন

বাদশার দ্বিতীয় সংসার ভাঙল, ইশা রিখির সঙ্গে বিচ্ছেদ

পাঞ্জাবি নায়িকা ইশা রিখির সঙ্গে ঘর বাঁধেন ভারতীয় র‌্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা। বিয়ের ৬ মাস পূর্ণ হওয়ার আগেই তাদের সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়। গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন বাদশা।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত মধ্যরাতে বাদশা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি বলেন, “আমি ও ইশা রিখি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়া এবং নিজেদের পৃথক পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সবাইকে সম্মান দেখানোর অনুরোধ করছি।”

বিচ্ছেদের বিষয়ে আর কোনো চর্চা না করার অনুরোধ জানিয়ে বাদশা বলেন, “এ বিষয়ে এটিই আমাদের একমাত্র বিবৃতি। আমাদের সম্পর্ক নিয়ে আর কোনো ধরনের জল্পনা বা অনুমান না করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।”

৬ মাস পার হওয়ার আগেই কেন ভেঙে গেল সংসার, সে বিষয়ে কিছু জানাননি বাদশা। এ নিয়ে একটি শব্দও করেননি ইশা। তবে গত ২৭ জুলাই, রাতে ইশা রিখি তার ইনস্টাগ্রাম স্টোরিতে আবেগঘন একটি পোস্ট দেন, যা ঘিরে তাদের বিচ্ছেদের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লাগে। যদিও নির্দিষ্ট কোনো ঘটনা উল্লেখ করেননি ইশা। বরং তিনি জানান, দীর্ঘদিন ধরে ভয় নিয়ে বেঁচে আছেন। আর সেই ভয় থেকেই নীরবতাকে বেছে নেন। এখন সত্য বলার সাহস সঞ্চয় করেছেন।

ইশা রিখি লেখেন, “কিছু লড়াই আছে, যার দৃশ্যমান কোনো ক্ষতচিহ্ন থাকে না। আমি দীর্ঘ সময় নীরব ছিলাম। কারণ আমি ভয় পেতাম। আমি আমার স্বামীর প্রভাব, ক্ষমতা ও সামর্থ্যের কাছে অসহায়। তাই নিজেকে বোঝাতাম, চুপ থাকাই সবচেয়ে নিরাপদ পথ।”

ভয়কে উপেক্ষা করে সাহসকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইশা। তার ভাষায়, “নীরবতাকে কখনো গ্রহণ করা উচিত হয়নি। নীরবতা ছিল কেবল টিকে থাকার একটি উপায়। আমি আজ ভয় নয়, সাহসকে বেছে নিচ্ছি। যদিও পুরো ঘটনা বলার জন্য এখনো প্রস্তুত নই। কিন্তু সবকিছু ঠিক আছে, এমন ভান করে আর থাকতে চাই না।”

এর আগে জেসমিন নামে এক নারীর সঙ্গে ঘর বেঁধেছিলেন বাদশা। এ সংসারে জেসমিন গ্রেস মাসিহ সিং নামে এক কন্যা সন্তান রয়েছে। ২০২০ সালে ভেঙে গেছে এই সংসার। জেসমিন বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

ইশা রিখি ২০১৩ সালে পাঞ্জাবি সিনেমা ‘জাট বয়েজ পুট জাট্টান দে’ দিয়ে অভিনয় শুরু করেন। এরপর তিনি ‘হ্যাপি গো লাকি’, ‘মেরে ইয়ার কামিনে’, ‘হোয়াট দ্য জাট’ এবং ‘আরদাস’ সিনেমায় কাজ করেন। তিনি বলিউড সিনেমা ‘নবাবজাদে’তেও অভিনয় করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button