সরকার গঠনের পর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

সাইফুল ইসলাম : দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর জাতীয় নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সারাদেশের মতো মানিকগঞ্জেও উৎসবমুখর পরিবেশে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিনটি ঘিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা শহরে জড়ো হন। ব্যানার, ফেস্টুন, রঙিন প্ল্যাকার্ড ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে শহর ও আশপাশের এলাকা। বিভিন্ন স্থানে বিলবোর্ডের মাধ্যমে সড়ক ও স্থাপনাগুলোও সাজানো হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচির পাশাপাশি এবার নেওয়া হয় কিছু ব্যতিক্রমী উদ্যোগ। এর অংশ হিসেবে জেলা শহরের স্বাধীনতা চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করা হয় এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে স্বাধীনতা চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এস এ জিন্নাহ কবিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ হোসেন খান ও নূরতাজ আলম বাহার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান, জেলা শ্রমিক দলের সভাপতি আবদুল কাদের এবং জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক শুভসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভাপতির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অতীতে বিএনপিকে দুর্বল ও বিভক্ত করতে নানা ষড়যন্ত্র করা হয়েছে। দলের নেতাকর্মীদের মামলা, হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকায় বিএনপি আজ রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে।
প্রধান আলোচক এস এ জিন্নাহ কবিরও দলের নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশের কল্যাণে কাজ করা এবং জনগণের পাশে দাঁড়ানোই নেতাকর্মীদের দায়িত্ব। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার পাশাপাশি জনগণের সঙ্গে থাকতে হবে।

এদিকে, দুপুর থেকেই মানিকগঞ্জে দফায় দফায় বৃষ্টি হলেও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ও উৎসাহে ভাটা পড়েনি। বৃষ্টিকে উপেক্ষা করে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তারা।





