হোয়াটসঅ্যাপে আইফোন ব্যবহারকারীদের জন্য এলো নতুন চ্যাট থিম

হোয়াটসঅ্যাপ আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করেছে নতুন চ্যাট থিম সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো চ্যাটের ব্যাকগ্রাউন্ড সাজাতে পারবেন। এই আপডেটের ফলে সাধারণ থিমের পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেটেড ওয়ালপেপার ব্যবহারের সুযোগও মিলবে।
সহজ ও দ্রুত পছন্দের থিম খুঁজে পাওয়ার সুবিধার্থে নতুন ডিজাইনগুলোকে মোট পাঁচটি বিভাগে সাজানো হয়েছে। এগুলো হলো- ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, ফিচারড বিভাগে রাখা হয়েছে হোয়াটসঅ্যাপের নিজস্ব ডিজাইন টিমের নির্বাচিত থিমগুলো। প্রকৃতির সৌন্দর্য পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য রয়েছে নেচার বিভাগ। আর যাদের অ্যানিমেটেড ওয়ালপেপার পছন্দ, তারা বেছে নিতে পারবেন লাইভ বিভাগ।
মিনিমাল বিভাগটি মূলত সাদামাটা ডিজাইনের অনুরাগীদের জন্য। এখানে লাইট মোডে সাদা এবং ডার্ক মোডে কালো ব্যাকগ্রাউন্ড থাকবে।
এ ছাড়া হোয়াটসঅ্যাপের নিজস্ব ও চিরচেনা ডুডল নকশার ওয়ালপেপারগুলো স্থান পেয়েছে ডুডল বিভাগে।
এদিকে কোনো ওয়ালপেপার অ্যানিমেটেড কি না, তা ব্যবহারকারীরা থাম্বনেইলের ওপরের ডান দিকে থাকা ছোট ‘লাইভ’ চিহ্ন দেখেই সহজে বুঝতে পারবেন। এমনকি ফিচারড বিভাগের কোনো থিমে অ্যানিমেশন থাকলেও সেখানে একই চিহ্ন দেখা যাবে।
উল্লেখ্য, নাইনটুফাইভম্যাক গত আগস্টের মাঝামাঝি হোয়াটসঅ্যাপের কোড বিশ্লেষণ করে এই থিম গ্যালারি চালুর আভাস দিয়েছিল। বর্তমানে ফিচারটি ধাপে ধাপে আইফোন ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে অ্যাপ হালনাগাদ করার পরও সব ব্যবহারকারী একসঙ্গে নতুন সুবিধাটি দেখতে পাবেন না। এ জন্য আরও কিছুদিন সময় লাগতে পারে।





