সংসদে প্রতিমন্ত্রী নুরকে থামিয়ে দিলেন স্পিকার, দিলেন কড়া নির্দেশনা

জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দেওয়ার সময় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে বক্তব্য সংক্ষিপ্ত রাখার পাশাপাশি কারও নাম উল্লেখ না করার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এমন ঘটনা ঘটে।
এদিন ৩০০ বিধিতে বিবৃতি দিতে শুরু করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বক্তব্যের একপর্যায়ে তাকে থামিয়ে দেন স্পিকার। তিনি বলেন, ‘শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর, ৩০০ বিধিতে বিবৃতি দেবেন শর্ট একটি মূল বিষয়ের ওপর। এটা আপনি কারও প্রশ্নের উত্তর করছেন না। এখানে কেউ একটা প্রশ্ন রেইজ করেছে, সেজন্য আপনি বলছেন কারও নাম উল্লেখ করার দরকার নেই। আপনার মন্ত্রণালয়ের যে পজিশন, যে বক্তব্য, সেটি আপনি বলবেন। এতে সকল সদস্যরা বুঝে নেবেন যে কোন ক্ষেত্রে আপনি বক্তব্য দিয়েছেন।’
স্পিকার আরও বলেন, কারও নাম উল্লেখ করে তিন-ছবিতে বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। আর একই বিষয়ের ওপর থাকেন। সব বিষয়ের ওপর যাবেন না। আপনার কি কাজ শেষ হয়ে আসছে?এরপর স্পিকার প্রতিমন্ত্রীকে ৩০০ বিধিতে তার বিবৃতি দেওয়ার সুযোগ দিয়ে বলেন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, আপনি ৩০০ বিধিতে একটি বিবৃতি দিতে চেয়েছিলেন। এখন ৩০০ বিধিতে বিবৃতিটি দিতে পারেন।
পরে নুরুল হক নুর বক্তব্য অব্যাহত রাখলে স্পিকার আবারও তাকে বিষয়বস্তুর মধ্যে থাকার নির্দেশনা দেন। তিনি বলেন, যেহেতু ১০টি পয়েন্টে মাননীয় সংসদ সদস্য বলেছেন এবং এটি আমাদের অনেক সদস্যদেরই কনসার্ন, প্রবাসীদের এই বিষয়গুলো। এর আগে বিশেষ নোটিশও আলোচনা হয়েছে। আপনি শেষ করুন। কারও নাম উল্লেখ করার দরকার নাই।





