১৯তম কারামুক্তি দিবস: তারেক রহমানের ১৮ মাসের বন্দিদশা ও জামিনে মুক্তি

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ।
২০০৮ সালের এই দিনে তৎকালীন ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ১৮ মাসের বন্দিদশা ও আইনি প্রক্রিয়া শেষে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। বিএনপির নেতাকর্মীদের কাছে একটি তাৎপর্যপূর্ণ দিন।
২০০৭ সালের সেনা সমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের সময় ৭ মার্চ ভোররাতে বাসা থেকে তুলে নেওয়া হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে।
দীর্ঘ ১৮ মাস (৫৫৪ দিন) কারাবাসের পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি তৎকালীন পিজি হাসপাতাল (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) থেকে কারামুক্ত হন।
সেসময় তাকে টানা ৫৫৪ দিন কারাবন্দি থাকতে হয়। কারাগারে রিমান্ডের নামে চলে অমানবিক নির্যাতন। নিষ্ঠুর নির্যাতনে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। মুমূর্ষু অবস্থায় তারেক রহমানকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
সব মামলায় জামিন পেলে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনটিকে তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে।





