জাতীয়

গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কেউ কেউ দেশকে অস্থিতিশীল করতে নানা গুজব রটানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের আশ্রয় নিয়ে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আয়োজিত শুভ জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে ৯ জন সেবায়েত ও পুরোহিতের হাতে চেক তুলে দেন।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিসরে সংখ্যালঘু বা সংখ্যাগুরু পরিচয় মূখ্য নয়। সমাজের সৌহার্দ্য বজার রাখা সকলের দায়িত্ব।

তারেক রহমান বলেন, ‘সরকার সকল নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশ্বাস করে।’ সকল নাগরিকের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।’ তারেক রহমান বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে সাম্প্রদায়িক পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম এবং সংস্কৃতি পালন করে আসছে। তবে সময় সময় কংস-চরিত্রের মানুষেরা রাষ্ট্র এবং সমাজে বিভেদ-বিরোধ সৃষ্টি জিইয়ে রাখার অপচেষ্টা চালিয়েছে।

তিনি বলেন, সমাজবিরোধী অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে আর উঠতে না পারে, আর কেউ যেন বিরাজমান সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button