শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজ গ্রেপ্তার: ৭ হত্যা মামলা, যাবজ্জীবন সাজা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭টি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলার আসামি এবং একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজকে বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী এজাজুলকেও গ্রেপ্তার করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ডেমরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাইল্লা সবুজকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপসী এলাকা থেকে সহযোগী এজাজুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কাইল্লা সবুজ রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাই মিয়ার ছেলে। অপর আসামি এজাজুল ভুলতা এলাকার মাঝিপাড়ার মৃত শাহাদাতের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, কাইল্লা সবুজ একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া ৭টি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে মোট ২৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে মুড়াপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছিল।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।







