বিভাগ

নেশাগ্রস্ত ছেলের হাতে বৃদ্ধা মা নির্যাতিত: ৬ মাসের কারাদণ্ড

সাইফুল ইসলাম : মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থায় বৃদ্ধা মাকে মারধর, অশোভন আচরণ ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগে মো. সোহেল রানা (৩০) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত সোহেল রানা উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর ভাটারা এলাকার মৃত শহর আলীর ছেলে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, সোহেল রানা মাঝেমধ্যে নেশাগ্রস্ত হয়ে নিজের মায়ের সঙ্গে অশোভন আচরণ করতেন। এ সময় তিনি ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি মাকে মারধর করতেন বলেও অভিযোগ রয়েছে। ছেলের নির্যাতন ও অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় এক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মা।

অভিযোগ দেওয়ার পরও সোহেলের আচরণে কোনো পরিবর্তন না আসায় বুধবার সকালে বিষয়টি ফের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান ওই নারী। পরে অভিযোগের ভিত্তিতে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পায়।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে সোহেল রানা নিজের দোষ স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৭(২) ধারায় তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button