জাতীয়বাংলাদেশ

এক বছরে ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা

তামাক সেবন ও উৎপাদনের কারণে বাংলাদেশে ২০২৪ সালে প্রায় ৮৭ হাজার কোটি টাকার বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এই ক্ষতির পরিমাণ তামাক খাত থেকে সরকারের আদায় করা করের দ্বিগুণেরও বেশি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকস এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক নতুন গবেষণায় এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

মঙ্গলবার ধানমন্ডিতে পিপিআরসি কার্যালয়ে এক অনুষ্ঠানে ‘টোব্যাকো কস্ট অ্যান্ড ইমপ্যাক্ট’ শীর্ষক এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। এতে বক্তব্য দেন পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

এই গবেষণায় দেখা যায়, ২০২৪ সালে তামাক খাত থেকে সরকার প্রায় ৪১ হাজার কোটি টাকা রাজস্ব আয় করলেও এর বিপরীতে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৮৭ হাজার ৫৪৪ কোটি টাকা।

গবেষণায় প্রথমবারের মতো তামাকের পরিবেশগত ক্ষতির দিকটি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। বন উজাড়, জমির ক্ষয়, বর্জ্য ব্যবস্থাপনা এবং দূষণসহ পরিবেশের ওপর তামাকের নেতিবাচক প্রভাবের আর্থিক মূল্য ১৪৫ দশমিক ২৫ বিলিয়ন টাকা (১ হাজার ৪২৫ কোটি টাকা), যা মোট ক্ষতির ১৬ শতাংশ। গবেষকরা ও নীতিনির্ধারকরা প্রায়ই এই পরিবেশগত ক্ষতির বিষয়টি উপেক্ষা করে কেবল স্বাস্থ্যখাতের ব্যয়ের ওপর মনোযোগ দেন।

গবেষকরা ‘কস্ট-অব-ইলনেস’ পদ্ধতি ব্যবহার করে আটটি প্রধান তামাকজনিত রোগের স্বাস্থ্য-সম্পর্কিত অর্থনৈতিক ক্ষতি নিরূপণ করেছেন, যার পরিমাণ ৭৩ হাজার ৬৩ কোটি টাকা। পাশাপাশি তামাকজনিত অগ্নিকাণ্ডের ক্ষতি সরকারি তথ্যের ভিত্তিতে এবং অন্যান্য পরিবেশগত ক্ষতি বিদ্যমান বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে হিসাব করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button