পাকিস্তানের ধ্বংস করা ভারতের চারটি রাফালের সিরিয়াল নম্বর ফাঁস করল ব্রিটিশ প্রতিরক্ষা সাময়িকী

গত মে মাসে আকাশপথে সংঘর্ষের সময় পাকিস্তানের হাতে ভূপাতিত ভারতের চারটি রাফাল যুদ্ধবিমানের এবার সিরিয়াল নম্বর প্রকাশিত হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা সাময়িকী ‘কি অ্যারো’র একটি প্রতিবেদনে নম্বরগুলি প্রকাশ করা হয়।
ওই অনুসন্ধানী প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ৫২ মিনিটের সেই আকাশ যুদ্ধের সময় ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) চারটি রাফাল বিমান হারায়। বিমানগুলোর সিরিয়াল নম্বর যথাক্রমে বিএস-০০১, বিএস-০২১, বিএস-০২২ এবং বিএস-০২৭ হিসেবে শনাক্ত করা হয়েছে। ব্রিটিশ সাময়িকীটি উল্লেখ করেছে, ভারত এই বিমানগুলোর সচল থাকার বিষয়ে কোনো স্পষ্ট ছবি বা নথিপত্র উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানের ‘মাল্টি-ডোমেইন অপারেশন’ কার্যকরভাবে ভারতীয় বিমানবাহিনীকে স্থবির করে দিয়েছিল। এতে ভারত আরও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, যার মধ্যে রয়েছে মিগ-২৯, সুখোই-৩০ বিমান এবং হেরন ড্রোন।
প্রতিবেদন অনুযায়ী, গত ১০ মে পাকিস্তানের একটি জেএফ-১৭সি ব্লক ৩ যুদ্ধবিমান উধমপুরে ভারতের এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে এবং পাকিস্তানি বাহিনী বরনালায় ভারতের কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সিস্টেমে আঘাত হানে।
এই প্রথম কোনো অভিযানে পাকিস্তান প্রথাগত বিমান যুদ্ধের কৌশলের সাথে সাইবার যুদ্ধকে একযোগে পরিচালনা করেছে, যা যুদ্ধের সময় ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল অবকাঠামোর প্রায় ৯৬ শতাংশ অচল করে দিয়েছিল বলে জানানো হয়েছে।
সাময়িকীটি ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের একটি আগের সাক্ষাৎকারের কথা উল্লেখ করেছে, যেখানে তিনি ভারতীয় বিমান ধ্বংস হওয়ার কথা স্বীকার করেছিলেন।
উল্লেখ্য যে, এই সংঘর্ষের আগে ‘অপারেশন সুইফট রিটর্ট’-এর সময়ও পাকিস্তান বিমানবাহিনী ভারতের একটি মিগ-২১ ভূপাতিত করেছিল।





