
মোঃ আখতার হোসেন হিরন
নামাজ শেষে অটোরিকশা না পেয়ে কাঁদছেন গাদু ভাই শিরোনামে বাংলার ম্যাগাজিন অনলাইন পত্রিকায় খবর প্রকাশ পাওয়ায় নতুন অটোরিকশা উপহার পেলেন অসহায় নুর হোসেন গাদু (৭০)।
সিরাজগঞ্জের সলঙ্গায় চুরি যাওয়ার ঘটনা পত্রিকা প্রকাশের পর শাহজপুরের মানবিক মানুষ দি বার্ড সেফটি হাউজ এর চেয়ারম্যান মামুন বিশ্বাস তাঁর ফেসবুকে গাদু ভাইকে নতুন অটোরিকশা কিনে দেবার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে পোস্ট করলে সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রবাসী ময়নুল হক।
আজ শুক্রবার বাদ জুমা সলঙ্গা থানা মোড়ে আছিয়া বছির মেডিকেল সেন্টার’র সামনে মামুন বিশ্বাস ময়নুল হকের দেয়া অর্থে গাদু ভাইকে একটি নতুন অটোরিকশা-সহ নতুন পাঞ্জাবি,টুপি,চাউল,বড় মাছ,বাজার,নগদ তিন হাজার টাকা উপহার হিসেবে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন দি বার্ড সেফটি হাউজ এর চেয়ারম্যান মানবিক মানুষ মামুন বিশ্বাস,মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোস্তফা জামান, বাংলার ম্যাগাজিন অনলাইন পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আখতার হোসেন হিরন,আলহাজ্ব সাইফুল ইসলাম,স্বেচ্ছাসেবক লোকমান,হারুনর রশিদ,শাহেদুল ইসলাম,তুষার তালুকদার,নুরুল ইসলাম সহ অনেকে।
জানা গেছে,গত সোমবার সলঙ্গা থানা মসজিদের সামনে অটোরিকশা রেখে আসর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখেন তাঁর রেখে দেয়া অটোরিকশাটি নেই। বিভিন্ন জায়গায় খোঁজ করে জীবিকা নির্বাহের একমাত্র সম্বল অটোরিকশা না পেয়ে কান্নায় ভেঙে পড়েন অসহায় গাদু। এমন খবর প্রকাশ পাওয়ার পরে নতুন অটোরিকশা উপহার পেয়ে অসহায় নুর হোসেন গাদু জানান,রিকশা হারানোর পর তার এ কয়েক দিনের ঘুমসহ খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। এই সময়ে অনাহারে অর্ধাহারে দিন কেটেছে তার।
রিকশাটি ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এভাবে একটি নতুন অটোরিকশা উপহার পাবেন কখনও তিনি তা ভাবেননি। প্রবাসী ময়নুল হক সহ এ কাজে যাদের সার্বিক সহযোগিতা রয়েছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান নুর হোসেন গাদু।





