খেলা

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নিবে কি না তা শেষপর্যন্ত দেশটির সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের বিশ্বকাপে অংশ গ্রহণের খবরটি নিশ্চিত করেছে দেশটির সরকার।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমোদন দিয়েছে সরকার। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।

ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন পিসিবি প্রধান মহসিন নাকভি। গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত সেই বৈঠকে বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণ বিষয়ে দিকনির্দেশনা দেয় সরকার। এবার আনুষ্ঠানিকভাবে জানাল ভারত ম্যাচ বয়কটের কথা। ঘটনার সূত্রপাত, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে। নিরাপত্তা শঙ্কা দেখিয়ে এই পেসারকে বাদ দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরপর একই কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ।

নিরাপত্তা শঙ্কায় ভারতের পরিবর্তে সহ আয়োজক শ্রীলংকায় বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানায় বিসিবি, তবে আইসিসির মন গলেনি। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। শুরু থেকেই আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে পিসিবি। এবার বিশ্বকাপে অংশ নিলেও ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button