সেন্টমার্টিন ভ্রমণে ভুয়া ট্রাভেল এজেন্সির প্রতারণা ট্যুরিস্ট পুলিশের অভিযানে উদ্ধার ৮ লাখ টাকা

হাফিজুর রহমান খান
সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণকে কেন্দ্র করে ভুয়া ও অনিয়ন্ত্রিত ট্রাভেল এজেন্সির প্রতারণায় গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বহু পর্যটক আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।
কক্সবাজার টুরিস্ট পুলিশ জানায়, এসব ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৮ লাখ টাকার বেশি অর্থ উদ্ধার করা হয়েছে। তবে কয়েকটি অভিযোগ এখনও তদন্তাধীন রয়েছে।
সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে ওশান কমিউনিকেশন ট্যুর অ্যান্ড ট্রাভেলস–এর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. ইদ্রিস আলী নিজেকে জাহাজ মালিক পরিচয় দিয়ে বিভিন্ন জেলার পর্যটকদের কাছ থেকে আগাম অর্থ আদায় করেন। অভিযোগের পর ট্যুরিস্ট পুলিশের অভিযানে তাকে আটক করে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়া হয়।
এছাড়া Rafsan Tourist & Travel BD, Fanus Traveller BD, SA Tour & Travels, আশুলিয়া ট্যুর গ্রুপ ও হিলশা ট্যুরিজম–এর বিরুদ্ধেও নকল টিকিট ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এক ঘটনায় ১৩০ জন পর্যটককে প্রতারণার অভিযোগে কক্সবাজার সদর থানায় মামলা হয়েছে এবং একজন আসামি কারাগারে রয়েছেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের ডিআইজি আপেল মাহমুদ জানান, পর্যটকদের অনুমোদিত ও নিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণ পরিকল্পনা করার আহ্বান জানানো হয়েছে। ফেসবুক বা অনলাইন মাধ্যমে যাচাই ছাড়া লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, পর্যটকদের হয়রানি রোধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।





