
আরমান মিয়া
জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত এবার জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারির পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মিল্লাত ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে জয়ী হন। দেওয়ানগঞ্জ উপজেলায় তিনি পান ১ লাখ ১৩ হাজার ১৮৯ ভোট এবং বকশীগঞ্জে ৫৯ হাজার ৩৭৯ ভোট। দুই উপজেলার ভোট যোগেই তিনি নিরঙ্কুশ ব্যবধানে আসনটি নিজের দখলে নেন।
নির্বাচনের পর থেকেই এলাকায় নানা আলোচনা ছিল তাকে ঘিরে। অবশেষে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার খবরে দলীয় কার্যালয় ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। সমর্থকরা এটিকে জেলার জন্য মর্যাদাপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক তৎপরতা, মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি এবং নির্বাচনী ব্যবস্থাপনায় দক্ষতাই তার এই উত্থানের পেছনে ভূমিকা রেখেছে।নতুন দায়িত্বে বিমান পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, সেবার মানোন্নয়ন এবং পর্যটন খাতকে আরও গতিশীল করার চ্যালেঞ্জ থাকবে তার সামনে।
জামালপুর–১ আসন থেকে নির্বাচিত একজন প্রতিনিধির জাতীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি স্থানীয় জনগণের প্রত্যাশা বাড়িয়েছে। এখন দেখার বিষয়, নতুন প্রতিমন্ত্রী তার দায়িত্ব পালনের মাধ্যমে কতটা প্রত্যাশা পূরণ করতে পারেন।





