ঈদগাঁওয়ে খুনের ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার
পিতা-পুত্রের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) : কক্সবাজারের ঈদগাঁওয়ে চিংড়ি ঘের মালিকের ছেলে মোস্তফা কামাল হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। এ মামলায় গ্রেপ্তার পিতা-পুত্র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নিহতের মা আম্বিয়া বেগম বাদী হয়ে গত ১৭ ফেব্রুয়ারি ঈদগাঁও থানায় ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। একই দিন বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ দাফন সম্পন্ন হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আশরাফ হোসেন জানান, ঘটনার পরপরই আটক সোলেমান বাদশা (২৮) ও তার পিতা শাহীনুর মিস্ত্রি ওরফে সাধনকে আদালতে সোপর্দ করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি ছুরি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, মামলার সূত্র ধরে প্রশাসন এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম ইছাখালী (ঘোনাপাড়া) এলাকায় মাছ ও কাঁকড়া ঘেরের লেনদেন সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ঘের মালিক মোক্তার আহমদের ছেলে মোস্তফা কামালকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পরপরই জনতার সহায়তায় পুলিশ পিতা-পুত্রকে গ্রেপ্তার করে।





