নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় ন্যাশনাল ছাত্র মিশন সভাপতির নিন্দা ও উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর অপহরণ করে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন ন্যাশনাল ছাত্রমিশন-এর কেন্দ্রীয় সভাপতি মোঃ রেজাউল ইসলাম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী কিশোরীকে ধর্ষণের পর তার পরিবার ন্যায়বিচারের দাবি জানালে দুর্বৃত্তরা বাবার সামনেই তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনা শুধু একটি পরিবারকে নয়, পুরো জাতিকেই শোকাহত ও ক্ষুব্ধ করেছে।
তিনি বলেন, বাবার সামনে থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে হত্যা করা চরম লোমহর্ষক, নৃশংস ও বর্বরোচিত অপরাধ। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপরাধীদের দুঃসাহসিকতার বহিঃপ্রকাশ। সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে মোঃ রেজাউল ইসলাম বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু অনেক ক্ষেত্রে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে।
তিনি অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, জড়িত সকলের গ্রেফতার এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নিহত কিশোরীর পরিবারের জন্য উপযুক্ত রাষ্ট্রীয় ক্ষতিপূরণ ও নিরাপত্তা প্রদানের আহ্বান জানান।





