পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব গভ. হরগঙ্গা কলেজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব গভ. হরগঙ্গা কলেজ–এর উদ্যোগে ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠান। সরকারি হরগঙ্গা কলেজ থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এ সংগঠনটির আয়োজনে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
শনিবার (১৪ মার্চ ২০২৬) মুন্সীগঞ্জ শহরের ফ্রেন্ডস কিচেন অ্যান্ড পার্টি প্যালেসে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, নবীন শিক্ষার্থী, সাবেক দায়িত্বপ্রাপ্ত সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত, আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধে পরিপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেইন। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুন্সী সিরাজুল হক, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক সানাউল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোক্তার হোসেন, রসায়ন বিভাগের প্রভাষক মো. মোজাম্মেল হক, গ্রন্থাগারিক জনাব শাহ মোয়াজ্জেম হোসেন, ক্রীড়া শিক্ষক জনাব মোহাম্মদ ইব্রাহীম এবং মিরকাদিম হাজি আমজাদ আলী কলেজের প্রভাষক জনাব আশরাফ উদ্দিন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনটির বর্তমান সভাপতি মাহমুদুল হাসান। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মারজিয়া সুলতানা জান্নাত।
আয়োজনে সরকারি হরগঙ্গা কলেজ থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ২০২৪–২৫ এবং ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সংগঠনের সাবেক দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। নবীন শিক্ষার্থীদের এই সংবর্ধনা পর্বটি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, অধ্যবসায়, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একইসঙ্গে সমাজ ও দেশের উন্নয়নে নিজেদের জ্ঞান ও মেধাকে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, এ ধরনের আয়োজন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করে এবং সিনিয়র-জুনিয়রদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব গভ. হরগঙ্গা কলেজ শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সরকারি হরগঙ্গা কলেজ থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এ সংগঠনটি নতুন শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে। পুরো আয়োজনটি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ, অনুপ্রেরণা ও সৌহার্দ্যের এক অনন্য পরিবেশ সৃষ্টি করে।







