লক্ষ্মীপুর

কমলনগরে ভূমি অফিসের হালখাতা উৎসবের উদ্বোধন

এম এ এহসান রিয়াজ

“নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, জমির মালিকানা সুদৃঢ় করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে হালখাতা উৎসবের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার স্পন্দন কক্ষে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত উজ জামান। তিনি বলেন, সকল ভূমি মালিককে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩৩ পর্যন্ত এ উৎসব চলমান থাকবে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হুসাইন-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সেবাগ্রহীতা,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় চলতি অর্থবছরে সর্বোচ্চ ভূমি উন্নয়ন করদাতা হিসেবে আবু তাহের জিল্লুর এবং সর্বোচ্চ অর্পিত সম্পত্তি (ভিপি) লীজমানি দাতা হিসেবে মহিউদ্দিন চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ভূমি অফিস সূত্রে জানা যায়, জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর আদায় রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণ এবং জমির মালিকানা নিশ্চিত করার দীর্ঘ ঐতিহ্যের অংশ। মুঘল সম্রাট আকবরের আমল থেকে পয়লা বৈশাখে হালখাতা পালনের যে প্রথা চালু হয় তারই ধারাবাহিকতায় এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে কমলনগর উপজেলার সকল ভূমি মালিককে নিজ নিজ ভূমির উন্নয়ন কর পরিশোধের আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে করদাতাদের জন্য দেশীয় আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়।
এছাড়া ২০২৫-২০২৬ অর্থবছরে ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি নিষ্পত্তি, বিবিধ মামলা নিষ্পত্তি, খাস ভূমি উদ্ধার, অর্পিত সম্পত্তি (ভিপি) লীজমানি আদায় এবং চান্দিনা ভিটি (একসনা) লীজমানি আদায়ে উল্লেখযোগ্য সাফল্যের জন্য উপজেলা ভূমি অফিসকে প্রশাসনের পক্ষ থেকে প্রশংসা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button