যশোর

যশোর পাসপোর্ট অফিসে রঙ করতে গিয়ে ছাদ থেকে পড়ে শ্রমিক গুরুতর আহত

মোঃ জুম্মান হোসেনঃ

যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভবনে রঙ করার সময় ছাদ থেকে পড়ে মো. হাবিব (২৫) নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রোববার (১০ মে) দুপুর সোয়া তিনটার দিকে পাসপোর্ট অফিসের চারতলা ভবনে এই দুর্ঘটনা ঘটে।
আহত হাবিব যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুরে যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের চারতলা ভবনের সিঁড়িঘরের বাইরের অংশে রঙের কাজ করছিলেন হাবিব। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি চারতলার ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান।
সহকর্মীরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, উপর থেকে পড়ার কারণে হাবিবের মাথায় ও শরীরের অভ্যন্তরীণ অংশে গুরুতর চোট লেগেছে। তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, ভবনের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে এই রঙের কাজ চলছিল। ঘটনার পর অফিসের কর্মকর্তা ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button