হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। খাদেমুল ইসলাম (২৮) নামের ওই যুবক উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
গতকাল রাতে (১৩ মে) উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতরাতে খাদেমুলসহ কয়েকজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯০৫ এর উপপিলার ৮ এলাকার সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় তাদের লক্ষ্য করে কাঁটাতারের বেড়ার ওপাশ থেকে গুলি ছোড়ে বিএসএফ। এতে শরীরের একাধিক জায়গায় গুলিবিদ্ধ হন খাদেমুল।
পরে অপর সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নিলে রাতেই মারা যায় খাদেমুল। আজ বৃহস্পতিবার সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রকৃত ঘটনা জানতে কাজ চলছে, এ বিষয়ে শিগগিরই জানানো হবে।







