ময়মনসিংহ

ময়মনসিংহে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ: দায়িত্বে অবহেলায় ২৭ পুলিশ প্রত্যাহার

ময়মনসিংহে ২১ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সমালোচনার মুখে কোতোয়ালি থানাধীন নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করে জানান, নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন এসআই, পাঁচজন এএসআই ও ১৭ জন কনস্টেবলসহ মোট ২৭ জনকে পৃথক অফিস আদেশে বদলি করা হয়েছে। দ্রুতই ফাঁড়িটিতে নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদায়ন করা হবে।

থানা-পুলিশ সূত্র জানায়, গত ২১ আগস্ট নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির আওতাধীন গাঙ্গিনারপাড় এলাকায় ঝটিকা মিছিল করেন যুবলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফাঁড়ির ইনচার্জসহ সেখানে দায়িত্ব পালনকারী ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা হয়েছে।এদিকে, ২১ আগস্টের বিক্ষোভ মিছিলের ঘটনার পর গত চার দিনে পুলিশের টানা অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ, মাসুদ, সাংস্কৃতিক জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক, তানভীর ওরফে লিমন উল্লেখযোগ্য।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, গত ২১ আগস্ট নগরীতে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে উপপরিদর্শক (এসআই) মাজহার বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেন। ওসি বলেন, ওই মামলায় গত চার দিনে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button