বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার অবরোধ, বাস বন্ধ: চরম ভোগান্তিতে যাত্রীরা

বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক, মাহিন্দ্রা ও অন্যান্য থ্রি-হুইলার চালকদের আন্দোলনের মুখে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে থ্রি-হুইলার চালকরা আন্দোলনে নামেন। এ সময় মহাসড়কে চলাচলকারী অভ্যন্তরীণ রুটের বাসগুলো ঘুরিয়ে দেন আন্দোলনকারীরা।
এতে বরিশাল থেকে বিভিন্ন উপজেলা ও অভ্যন্তরীণ রুটে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা বিপাকে পড়েন।
বরিশাল বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, মহাসড়কে অবৈধ যানবাহন ও থ্রি-হুইলার চলাচলের কারণে দুর্ঘটনা বেড়েছে। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান হয়নি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এর আগে বরিশাল থেকে বানারীপাড়া রুটের শিমুলতলা এলাকায় থ্রি-হুইলার চালকদের সঙ্গে বিরোধের জেরে কয়েকটি বাস ভাঙচুরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদ এবং মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বাস মালিক-শ্রমিকদের আন্দোলনের পর নতুন করে থ্রি-হুইলার চালকরাও পাল্টা আন্দোলনে নামায় বরিশাল-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ রুটে পরিবহন সংকট আরও তীব্র হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করার চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।







