জিয়া-খালেদার মাজারে শ্রদ্ধা, পরিচ্ছন্নতা অভিযানে ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগমে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা জমে যায়। পরে এসব ময়লা-আবর্জনা দেখে পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিতের নেতৃত্বে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে মাজার প্রাঙ্গণ ও আশপাশের সড়কসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমের বিষয়ে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সেই ধারাবাহিকতায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, আমরা যেন আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। তার নির্দেশনার ধারাবাহিকতায় আজকে আমাদের এ কার্যক্রম শুরু করেছি।’







