বিশাল স্যাটেলাইট শহর গড়ে উঠছে বেইজিংয়ে

মহাকাশ বিজ্ঞানে নিজেদের আধিপত্য আরো শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে চীন। বেইজিংয়ে নির্মাণাধীন বিশাল ‘স্যাটেলাইট টাউন’-এর মূল অংশের কাজ ২০২৬ সালের শেষ নাগাদ শেষ হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বেইজিং ডেইলি। স্যাটেলাইট নির্মাণ ও এর কার্যক্রম পরিচালনার প্রধান কেন্দ্র হিসেবে এটি কাজ করবে।
বর্তমানে চীনের মোট মহাকাশ উৎক্ষেপণের ৬০ শতাংশেরও বেশি সম্পন্ন হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে। অনেক বেসরকারি কোম্পানি এখন শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফিউচার অ্যারোস্পেসের বিশেষজ্ঞ গাও ইবিন জানান, উৎক্ষেপণ প্রক্রিয়ার সহজীকরণ এবং দেশীয় প্রযুক্তির যন্ত্রাংশ ব্যবহারের ফলে চীনের বাণিজ্যিক মহাকাশ বাজার এখন কয়েক ট্রিলিয়ন ইউয়ানের বিশাল এক শিল্পে পরিণত হচ্ছে।
এই স্যাটেলাইট টাউন মহাকাশ শিল্পের সাথে জড়িত দক্ষ জনশক্তি, প্রয়োজনীয় পুঁজি ও উন্নত প্রযুক্তিকে একই ছাদের নিচে নিয়ে আসবে। সংশ্লিষ্টরা মনে করছেন, স্যাটেলাইট ইন্টারনেট, স্পেস কম্পিউটিং ও সিক্স জেনারেশন প্রযুক্তির মতো বিষয়গুলো বাস্তবে রূপ দিতে ২০২৬ সাল পর্যন্ত এই খাতের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে।





