মেট্রো স্টেশনের নিচে হাট, সিটি করপোরেশনকে দুষলেন মন্ত্রী

রাজধানীর উত্তরায় মেট্রো রেল স্টেশনের নিচে সড়ক দখল করে অবৈধভাবে পশুর হাট বসার ঘটনায় উত্তর সিটি করপোরেশনকে দুষলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘উত্তর সিটি করপোরেশনকে বলবেন, মিটিংয়ে সিদ্ধান্ত ছিল (স্টেশনের নিচে) বসবে না, তারা বসিয়েছে। যারা ইজারার টাকা নিয়েছে, দায় তাদের, (এ বিষয়ে) তাদেরই জিজ্ঞাসা করুন।’
বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী ঈদযাত্রা নিয়ে বলেন, নির্ধারিত ভাড়ায় ও শৃঙ্খলার সঙ্গে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন। নানা চ্যালেঞ্জ থাকলেও সবকিছু মিলিয়ে একটি ভালো ঈদযাত্রা সফলভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হয়েছে।
সরকার সার্বক্ষণিকভাবে ঈদযাত্রা মনিটরিং করছে জানিয়ে শেখ রবিউল আলম আরো বলেন, যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় কিছু যানজট ও ধীরগতি থাকলেও তা স্বাভাবিক। কারণ সাত লেনের যানবাহন একসঙ্গে দুই লেনে প্রবেশ করায় সেখানে গতি কমে যাচ্ছে। তবে সামগ্রিক ব্যবস্থাপনায় কোনো বড় সমস্যা নেই।
তিনি উল্লেখ করেন, বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই নির্ধারিত ভাড়ায় তারা বাড়ি যাচ্ছেন।
দেড় কোটি মানুষ দুই থেকে তিন দিনের মধ্যে ঢাকা ছাড়ছে জানিয়ে মন্ত্রী বলেন, একই সময়ে প্রায় ৮০ লাখ কোরবানিযোগ্য পশুও পরিবহন করতে হচ্ছে। পরিবহন খাতের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করেই আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি।





