খেলাফুটবল

মেসিকে ছাড়াই মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে বড় রদবদল

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আজ সকাল ৮টায় জর্ডানের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের জন্য ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। প্রথম দুই ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়াকে হারিয়ে ইতিমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। ফলে আজকের ম্যাচে একাদশে বড় রদবদল এনে বেঞ্চের খেলোয়াড়দের পরখ করার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন কোচ। ডালাস স্টেডিয়ামে হওয়া গ্রুপ ‘জে’-এর এই ম্যাচটি সরাসরি দেখাবে চ্যানেল টি-স্পোর্টস।

লিওনেল মেসি আজ শুরুর একাদশে থাকছেন না, তিনি খেলবেন বদলি হিসেবে। তবে প্রথম দুই ম্যাচে জাল অক্ষত রাখা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস আজকেও শুরু থেকেই পোস্টের নিচে থাকবেন।

আর্জেন্টিনার রক্ষণভাগে বড় চমক হিসেবে থাকছেন জুলিয়ানো সিমেওনে। তাঁর সঙ্গে রক্ষণভাগের দায়িত্বে সামলাবেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো।

মাঝমাঠে আজ আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে জিওভানি লো সেলসোর। একাদশে ফিরছেন এসেকিয়েল পালাসিওস। অন্যদিকে অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় আজকের ম্যাচে কার্ডের ঝুঁকিতে আছেন লিয়ান্দ্রো পারেদেস, তবে নকআউটের আগে তাঁকেও আজ শুরু থেকেই খেলাচ্ছেন স্কালোনি। আর মাঝমাঠের সঙ্গে আক্রমণভাগের সংযোগ ঘটাতে খেলবেন তরুণ নিকো পাস।

আজ আক্রমণভাগে একসঙ্গে জুটি বাঁধবেন হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে আজ মোট ৯ পরিবর্তন নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তেরা।

এই ম্যাচের ফলের ওপর আর্জেন্টিনার পরবর্তী পর্বের ভাগ্য নির্ভর করছে না। আগামী ৪ জুলাই মায়ামিতে শেষ ৩২-এর ম্যাচে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ কেপ ভার্দের মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেস (গোলকিপার), জুলিয়ানো সিমিওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এসেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকো পাস, হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button