বিনোদন

দেব-শুভশ্রীর গল্পে রাত ২টার ফোন! কী বদলেছিল তাদের সম্পর্ক?

একসময় প্রেমের সম্পর্কে ছিলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরে দীর্ঘ দূরত্ব। কিন্তু, সেই দূরত্ব পেরিয়ে ফের পর্দায় একসঙ্গে ফিরেছেন দুজন। এবার পুরোনো সেই অধ্যায়ের গল্প বলতে গিয়ে দেব জানালেন, এক রাতে ঠিক ২টার সময় শুভশ্রীকে ফোন করার কথা। সেই ফোন থেকেই নাকি শুরু হয়েছিল নতুন এক ‘শুভ’ যাত্রা।

৩১ ডিসেম্বরের রাত। হাতে শুভশ্রীর ফোন নম্বর নেই দেবের। তখন নিজের সহায়ক সায়ন্তনের কাছ থেকে নম্বর চেয়ে নেন তিনি। সায়ন্তনের ফোনে নম্বরটি ‘শুভশ্রীদি অ্যাক্টেস’ নামে সেভ করা ছিল। এরপর রাত ২টার সময়ই শুভশ্রীকে ফোন করেন দেব।

সেই মুহূর্তের কথা মনে করে দেব বলেন, “তারপর সেই দিন থেকে আজকে, এই জার্নিতে সব ভালো ভালো আর ভালোই হয়ে গেছে, সব শুভ আর শুভ আর শুভই হয়ে গেছে।”

দেবের এই শব্দের খেলায় অবশ্য উপস্থিত সবাই হেসে ওঠেন। পরিস্থিতি সামলাতে অভিনেতা মজা করে বলেন, “না না, আমি ইনডাইরেক্টলি কাউকে মিন করতে চাইছি না। আমার বাংলাটা এখন আগের চেয়ে অনেকটা শুদ্ধ হয়ে গেছে দাদাগিরি করে!”

একসময় ব্যক্তিগত সম্পর্কের কারণে আলোচনায় থাকা দেব-শুভশ্রী জুটি বহু বছর পর ফের পর্দায় একসঙ্গে ফিরেছে ‘ধূমকেতু’ দিয়ে। সিনেমাটি ২০২৫ সালে মুক্তির পর তাদের পুরোনো রসায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর আগে প্রায় এক দশক তাদের একসঙ্গে দেখা যায়নি।

‘ধূমকেতু’র পর সেই জুটিকে আরো একবার বড়পর্দায় ফেরাচ্ছেন দেব। নতুন সিনেমার নাম ‘দেশু সেভেন’। সিনেমাটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। শুধু অভিনয় নয়, এই সিনেমার পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন দেব।

‘দেশু সেভেন’-এর শুটিং শেষ হওয়ার পর দেব-শুভশ্রীর ভক্তদের অপেক্ষা এখন সিনেমাটি বড়পর্দায় দেখার। এরই মধ্যে সিনেমার পোস্টার ও শুটিংয়ের নানা মুহূর্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে আগ্রহ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button