কক্সবাজার সিটি কর্পোরেশন: ৫ ইউনিয়ন যুক্ত, আধুনিক সেবার আওতায় ১০.৮০ লাখ মানুষ

পর্যটন নগরী কক্সবাজারকে আরও পরিকল্পিত ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রশাসনিক প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে ৩২.৯০ বর্গকিলোমিটার আয়তনের কক্সবাজার পৌরসভাকে কেন্দ্র করে রামু ও সদর উপজেলার নতুন পাঁচটি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পুনর্গঠন বাস্তবায়ন হলে নতুন সিটি কর্পোরেশনের মোট আয়তন দাঁড়াবে ১৬৯.৬৪ বর্গকিলোমিটার, যা বর্তমান আয়তনের প্রায় ৫ গুণেরও বেশি।
কক্সবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আদনান চৌধুরী এবং প্রশাসক মো: শামীম আল ইমরানের যৌথ স্বাক্ষর সম্বলিত এক প্রশাসনিক নথিতে এই মাস্টারপ্ল্যান ও পুনর্গঠন রূপরেখা সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়েছে।
পৌরসভা থেকে প্রাপ্ত প্রশাসনিক প্রতিবেদন মতে, এই সম্প্রসারিত সীমানার মাধ্যমে প্রায় ১০ লাখ ৮০ হাজার নাগরিক আধুনিক নাগরিক সেবার আওতায় আসবে।
প্রস্তাবিত সীমানায় অন্তর্ভূক্ত হচ্ছে- রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি (১৮.০০ বর্গ কি.মি.) ও খুনিয়াপালং (৪৭.৮২ বর্গ কি.মি.)। কক্সবাজার সদর উপজেলা খুরুশকুল (২৩.৬৭ বর্গ কি.মি.) ও পিএমখালীসহ (২৭.২৫ বর্গ কি.মি.) ঝিলংজা ইউনিয়নের নির্দিষ্ট কিছু অংশ (২০.০০ বর্গ কি.মি.)।
কক্সবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া জানান, সিটি কর্পোরেশনে রূপান্তর হলে আন্তর্জাতিক মানের পর্যটন সুবিধা নিশ্চিতের পাশাপাশি ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন ও নাগরিক জীবনযাত্রা আরো উন্নত হবে।







