
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বেসামরিক বিমান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর নির্দেশনা মোতাবেক মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত এই কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
মিছিলটি মির্জাপুর বাইপাস এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে সমাপ্ত হয়। এসময় নেতাকর্মীরা তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আনন্দ প্রকাশ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। র্যালির সামনের সারিতে উপস্থিত নেতৃবৃন্দ ব্যানার হাতে মিছিলের নেতৃত্ব দেন।
মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচিতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ’র সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক ডি.এম শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপন প্রমুখ।







