ঢাকা

বেসামরিক বিমান ও পর্যটন কমিটির সভাপতি হলেন মির্জাপুরের এমপি কালাম।

১৩৬ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের ২য় কার্য দিবসে তাকে সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে জাতীয় সংসদের চীফ হুইপ মো. নুরুল ইসলাম প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়। একই অধিবেশনে কমিটির অন্যান্য সদস্যদের নামও ঘোষণা করা হয়।

সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় টাঙ্গাইল-৭ মির্জাপুরের সর্বসাধারণের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন।

কমিটির নেতৃত্বে আসায় আবুল কালাম আজাদ সিদ্দিকীর সামনে এখন দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন, সম্ভাবনা ও নানা চ্যালেঞ্জ নিয়ে কাজ করার বড় সুযোগ তৈরি হয়েছে জানিয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটি আমার জন্য অত্যন্ত সম্মানের এবং একই সঙ্গে বড় একটি দায়িত্বের বিষয়। এ দায়িত্ব আমার প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমি এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী গণমাধ্যমকে মুঠোফোনে বলেন, বাংলাদেশের পর্যটন সম্ভাবনা অত্যন্ত বিশাল। আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, নদী, পাহাড়, সমুদ্র ও প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করার অপার সম্ভাবনা রাখে। কিন্তু এই সম্ভাবনাকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে হলে পরিকল্পিত উদ্যোগ, আধুনিক অবকাঠামো, উন্নত যোগাযোগব্যবস্থা এবং নিরাপদ ও পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে দেশের বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে সংসদীয় স্থায়ী কমিটি আরও কার্যকর, জবাবদিহিমূলক ও গতিশীল ভূমিকা রাখবে এটাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button